মেহেরপুর নিউজ:
মজুরি বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, পরিচয়পত্র প্রদান এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে মেহেরপুর সদর উপজেলার বারাদিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কর্মরত শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের দিকে বারাদিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শাহিদুর রহমান লুলু, শাহাবুদ্দিন, বিল্লাহ হোসেন ও মনসুর আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, তাঁরা এ প্রতিষ্ঠানে দীর্ঘ দুই থেকে আড়াই বছর ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। প্রতিষ্ঠানের সুনাম ও কার্যক্রম এগিয়ে নিতে তাঁরা হাড়ভাঙা পরিশ্রম করলেও এখন পর্যন্ত তাঁদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়নি।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানটি সরকারি মালিকানাধীন হলেও এর জন্য অধিগ্রহণ করা জমি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই নেওয়া হয়েছে। তাই এ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার ও যথাযথ মূল্যায়ন করতে হবে।
তাঁরা শ্রমিক, মাঠ পাহারাদার, নাইট গার্ড, পাহারাদার, অফিস রক্ষক ও পিয়নসহ বিভিন্ন পদে যোগ্যতা অনুযায়ী স্থানীয়দের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং পরিচয়পত্র প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।