মেহেরপুর নিউজঃ
নদী দূষণ বন্ধ, পরিবেশ সংরক্ষণ এবং ভৈরব নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনার দাবিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুরে মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে রশিকপুর ভৈরব নদীপাড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাজসেবক মাজেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী পরিচালক মো. মইন-উল আলম। তিনি নদী দূষণ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং নদী রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজনের মুজিবনগর উপজেলা সভাপতি ওয়াজেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের উপজেলা সহসভাপতি বুলবুল আহমেদ, ওয়াইপিএজি (YPAG) কো-অর্ডিনেটর মো. রিয়াজ শেখ, মিয়া মনসুর একাডেমির শিক্ষক মহব্বত আলী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. রোকনুজ্জামান বকুল এবং বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন মোনাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষক, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, নদী পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। নদী দূষণের ফলে জলজ প্রাণী ও উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষি, জনস্বাস্থ্য এবং স্থানীয় মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ে। তাই ভৈরব নদীকে দূষণমুক্ত রাখতে স্থানীয় জনগণসহ সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভা শেষে ভৈরব নদী রক্ষা, দূষণ বন্ধ এবং পরিবেশ সংরক্ষণের দাবিতে রশিকপুর স্লুইসগেট এলাকায় নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘ভৈরব নদী বাঁচাও’, ‘নদী দূষণ বন্ধ করো’ এবং ‘পরিবেশ রক্ষা করো’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচি থেকে ভৈরব নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।