মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের হারেজউদ্দিনের ছেলে গাংনী উপজেলা আওয়ামীলীগের নেতা ও মেহেরপুর আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান বেল্টু মিয়া(৪৫)কে নিজ ঘরে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাস্থলে মারা যায় বেল্টু মিয়া। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
গাংনী থানার ওসি জানান,সন্ত্রাসীরা ফিল্মি স্টাইলে ঘরে ঢুকে গুলি করে হত্যা শেষে চলে যায়। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে এখনও কাউকে আটক করা যায়নি। তবে চেষ্টা চলছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে বাস মালিক নেতা বেল্টু মিয়া প্রতিদিনের ন্যায় দেবীপুরের বাড়ির দোতলায় নিজ রুমে বসে টেলিভিশনে সংবাদ দেখছিল। এসময় কয়েকজন সন্ত্রাসী বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে তার রুমে প্রবেশ করে। সন্ত্রাসীরা ঘরে ঢুকেই তার মাথায় গুলি করলে সে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়তে ছুঁড়তে এলাকা ত্যাগ করে। পরে বাড়ির লোকজন রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।