মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর মিরপাড়ায় অগ্নিকাণ্ডে একটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের হাতে ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে শ্যামপুর মিরপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, গৃহকর্তা আব্দুল জলিল তার গরু-ছাগলকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে গোয়ালঘরে একটি মশার কয়েল জ্বালিয়ে রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ ঘটনায় একটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়। এছাড়া আরও তিনটি ছাগল অগ্নিদগ্ধ হয়। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে গৃহকর্তা আব্দুল জলিল গুরুতর আহত হন এবং তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।