মেহেরপুর নিউজঃ
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মেহেরপুরে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা আনসার ব্যারাকে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট আল-আমিন এবং মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার ১৫টি পূজামণ্ডপে ৯৮ জন, মুজিবনগর উপজেলার ৮টি মণ্ডপে ৫৪ জন এবং গাংনী উপজেলার ১৯টি মণ্ডপে ১২৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। তিন উপজেলায় মোট ৪২টি পূজামণ্ডপে ২৭৬ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৮ জন এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। তাঁরা পালাক্রমে (রোটেশন পদ্ধতিতে) দায়িত্ব পালন করবেন।