মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হয়েছে আমদহ ইউনিয়ন।
শনিবার বিকেলে সদর উপজেলার চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আমদহ ইউনিয়ন ১-০ গোলে বুড়িপোতা ইউনিয়নকে পরাজিত করে শিরোপা জয় করে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটে আমদহের কিরণকে বুড়িপোতা ইউনিয়নের গোলরক্ষক লাকি প্রতিপক্ষের ডি-বক্সে ফাউল করলে রেফারি টিটু পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে কিরণ জয়সূচক একমাত্র গোলটি করেন। মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সে ঢোকার সময় গোলরক্ষকের ফাউলের শিকার হন তিনি।
এর আগে ম্যাচজুড়ে উভয় দলই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত পেনাল্টি থেকেই পাওয়া একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
খেলা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাব্বারুল ইসলাম। পরে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন।