মেহেরপুর নিউজঃ
লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে মেহেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্তমঞ্চে এ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিল্পী উম্মে আয়মান, রিপন দেশান্তর, সোনিয়া, জব্বার, নাজেরা, সোহেল রশিদ, তাহমিনা, সুখমান, আমজাদ, সেলিম, সামারুল ইসলাম ও বজলু লালন সংগীত পরিবেশন করেন। শিল্পীদের কণ্ঠে লালন সাঁইয়ের গান উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি, পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী (বিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মইনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ মাসুদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন ও রোমানা আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন ও মরমি সংগীতকে স্মরণ করে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীতপ্রেমীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মফিজুর রহমান মুক্তমঞ্চ।