মেহেরপুর নিউজ:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মেহেরপুরের হেলাল উদ্দিনকে তিন দিন পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে একই ঘটনায় তার ছেলে দ্বীপকে জীবিত উদ্ধার করা হয়েছে।
হেলাল উদ্দিন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মিরপাড়া এলাকার মরহুম আনোয়ার মেম্বারের মেজো ছেলে। বর্তমানে তিনি মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডপাড়া এলাকায় বসবাস করতেন। উদ্ধার হওয়া দ্বীপ তার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় হেলাল উদ্দিন তার ছেলে দ্বীপকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে সায়মন বিচ রিসোর্টের দক্ষিণে মর্ডান হ্যাচারি সংলগ্ন এলাকায় গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে ভাটার তীব্র স্রোতে বাবা-ছেলে দুজনই ভেসে যেতে থাকেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক যুবক বিষয়টি স্থানীয় লাইফগার্ড কর্মীদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। লাইফগার্ড ও বিচকর্মীরা মুমূর্ষু অবস্থায় ছেলে দ্বীপকে উদ্ধার করতে সক্ষম হলেও হেলাল উদ্দিনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ হেলাল উদ্দিনকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে। তবে তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন এবং দ্রুত তাকে উদ্ধারের দাবি জানিয়েছেন।