মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেহেরপুর সদর উপজেলা পর্যায়ের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কুতুবপুর ইউনিয়ন ২-১ গোলে শ্যামপুর ইউনিয়নকে পরাজিত করেছে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কুতুবপুরকে এগিয়ে দেন রহমান। শ্যামপুরের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে রেফারি ফারহা হোসেন লিটন পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে নির্ভুল শটে গোল করেন রহমান।
দ্বিতীয়ার্ধের ১৩তম মিনিটে কুতুবপুরের ব্যবধান দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় বিজন। মাহাতাবের নেওয়া ফ্রি কিক থেকে আসা বল দৃষ্টিনন্দন হেডে জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
ম্যাচের শেষ মুহূর্তে শ্যামপুর ইউনিয়ন একটি গোল শোধ করে। পাল্টা আক্রমণে ডি-বক্সে ফাউলের কারণে পেনাল্টি পায় শ্যামপুর। কুতুবপুরের গোলরক্ষক জারজিস প্রথম শটটি ঠেকিয়ে দিলেও ফিরতি বলে শাহীন গোল করে ব্যবধান ২-১ করেন।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কুতুবপুর ইউনিয়ন।