মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর এলাকায় অভিযান চালিয়েছে মাদকসহ ৫জনকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃত হলেন-কাজীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে শিপন আলী (৪৫), একই গ্রামের মধ্যপাড়ার দুলাল হোসেনের ছেলে রানা আহমেদ (২২), বর্ডারপাড়ার ফজল আলীর স্ত্রী তানজিলা খাতুন (৪৫), একই পাড়ার ইয়াদ আলীর ছেলে ফজল আলী (৬৫) ও মাঠপাড়ার তাজ উদ্দীনের ছেলে জাহিদ হাসান (২৮)।
মঙ্গলবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্র জানায়, আটককৃতদের নিজ নিজ বসত বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫ কেজি গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযানে পুলিশের পাশাপাশি ডিবি ও র্যাবের একটি যৌথ দল সহযোগিতায় ছিল।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই ব্লকরেইড চালানো হবে। যেখানেই মাদকের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে, সেখানেই প্রশাসনের হানা পড়বে। মাদকের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।”
পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।