মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আজান গ্রামে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার আজান গ্রামের কিশোরদের সঙ্গে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের কিশোরদের প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি আহমেদ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, খেলা চলাকালে হঠাৎ রাব্বি মাঠে বসে পড়ে এবং বুকে তীব্র ব্যথা অনুভব করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই রাব্বির মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।