মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে ‘জামালগোটা’ (বুনাে ফল) খেয়ে ১৪ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে পেটব্যথা ও বমির উপসর্গ দেখা দেওয়ায় ৯জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলাে- কাফি (১২),মোস্তাকিন (১২),হালিমা (৯),আমেনা (৩), হালিমা (৯), রক্তিমা (১১), রিয়াদ (১১),ফুয়াদ (১২) ফেরদৌস (১০) ও মোস্তাকিম (৯)। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
গতকাল রোববার বিকেলে জেলার গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,রােববার বিকেলে সহড়াবাড়িয়া গ্রামের বেশ কয়েকজন শিশু এক সঙ্গে ফুটবল খেলতে বের হয়। খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়কের পাশে একটি গাছে থোকায় থোকায় ফল দেখতে পায় তারা। এসময় ওই ফল কয়েকটি করে তারা খেয়ে ফেলে। ফল খাওয়ার পর সন্ধ্যার দিকে একে একে শিশুদের তীব্র পেটব্যথা ও বমি শুরু হয়। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাদের রাতেই তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অসুস্থ শিশু রিয়াদের বাবা আব্দুর রশিদ বলেন, ‘শিশুরা না বুঝে কৌতূহলবশত: এই বুনো ফল খেয়েছে। আমরা ভাবতেও পারিনি এমন বিপদ হতে পারে।
মেহেরপুর জেলা বন বিভাগের তথ্য অনুযায়ী, জামালগোটা একটি পরিচিত ভেষজ উদ্ভিদ হলেও এর বীজ ও ফলে শক্তিশালী বিষাক্ত উপাদান আছে। সাধারণত সড়কের পাশে এ গাছ জন্মায় এবং অনেকেই জমির বেড়া হিসেবেও এটি ব্যবহার করে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা উমর ফারুক বলেন, শিশুদের সময়মতো হাসপাতালে আনার কারণে বড় ধরনের ঝুঁকি এড়ানো গেছে। বর্তমানে তারা সবাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।