মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী গাড়ির চাকায় আমির হামজা নামের স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আমির হামজা জেলার গাংনী উপজেলার রামনগর গ্রামের বাজার পাড়ার আব্দুল হাকিমের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রবিবার দুপুরে গাংনী উপজেলার রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বিতরণের জন্য ব্যবহৃত শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির ওপর উঠে আমির হামজা খেলা খেলছিল। এ সময় চালক গাড়িটি চালিয়ে দিলে, আমির হামজা ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে যান। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে, সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুষ্টিয়ার মেডিকেল কলেজ থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।