মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরেবাংলা ক্লাবের উদ্যোগে চাঁদবিল মাঠে চাঁদবিল শেরেবাংলা ক্লাব ও হরিরামপুর সীমান্ত ক্লাবের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দলই কোনো গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৭-৬ গোলের ব্যবধানে চাঁদবিল শেরেবাংলা ক্লাবকে পরাজিত করে হরিরামপুর সীমান্ত ক্লাব।
হরিরামপুর সীমান্ত ক্লাবের হয়ে টাইব্রেকারে সফল শট নেন নাজমুল, রকি, জুয়েল, কানন, রমে, শামীম ও মাহফুজ। অন্যদিকে চাঁদবিল শেরেবাংলা ক্লাবের হয়ে সফল হন সানমুন, নাজমুল, সোহাগ, মহাব্বত, সজীব ও করিম।
ম্যাচটি দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকরা উপভোগ্য একটি ম্যাচ উপহার পান। আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।