সাহাজুল সাজু :
দারিদ্রের কষাঘাতে জীবন-যাপন করা সুনীল হালদারের পরিবারের ছিলােনা পানি সংগ্রহ করা টিউবওয়েল। অন্যের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে (মাটির পাত্রে) নান্দায় রেখে পানি পান করা সেই সুনীল হালদারের পরিবারের পাশে দাঁড়ালেন হাড়িয়াদহ গ্রামের কৃতি সন্তান ও মানবিক সেনা সদস্য শামসুজ্জামান।
জানা গেছে,মেহেরপুরের গাংনী উপজেলার শহর থেকে মাত্র আড়াই কিলােমিটার দূরে অবস্থিত হাড়িয়াদহ গ্রাম। ওই গ্রামের বাসিন্দা সুনীল হালদার। এক সময় তিনি মাছ শিকারের কাজ করতেন।
পাশাপাশি যাত্রা অভিনয় করে জীবন-যাপন করতেন। অভিনয় জগতে তার ছিল নামডাক। তার দরাজ কণ্ঠে মন্ত্রী চরিত্রে অভিনয়ে মুগ্ধ হয়ে অনেকেই টাকা-পয়সা উপহার দিতেন। পাশাপাশি বাহবাও দিতেন। বর্তমান তিনি পঙ্গত্ব জীবন-যাপন করছেন। ১৫ বছর আগে তিনি একটি ছাদ ঢালাইয়ের কাজে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন। ওই সময় ছাদ থেকে পড়ে তিনি পঙ্গু হয়ে পড়েন। ১ ছেলে ও ৩ কন্যার জনক সুনীল হালদার। মেয়েদের বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে। আর একমাত্র ছেলে রবি হালদার ওরফে গুজি দৃষ্টি প্রতিবন্ধী। গুজি বিয়েও করেছে। তার সংসারে ১টি মেয়ে ও প্রতিবন্ধী ১টি ছেলে রয়েছে ।
বর্তমান সুনীল হালদারের সংসার চলে স্ত্রী ও ছেলের স্ত্রীর আয়-রােজগারে। ভাটা শ্রমিক হিসেবে তারা যা আয় করে,তার বেশির ভাগ টাকায় সুনীল হালদারের ঔষধ কিনতে হয়। দীর্ঘ বছর ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন অসহায় সুনীল। আর্থিক অসচ্ছলতার কারণে নিজ উদ্যোগে একটি টিউবওয়েল স্থাপন করা তার পক্ষে সম্ভব ছিলােনা। ফলে প্রতিদিন দূরবর্তী স্থান থেকে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের চরম ভোগান্তির শিকার হতে হতো।
বিষয়টি স্থানীয় সমাজসেবক হাড়িয়াদহ গ্রামের সন্তান ও সেনা সদস্য শামসুজ্জামান এর নজরে আসে। শামসুজ্জামানের সহযোগিতায় সম্প্রতি সুনীলের বাড়িতে একটি নতুন টিউবওয়েল স্থাপন করা হয়। টিউবওয়েলটি উপহার হিসেবে পেয়ে সুনীল ও তার পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সুনীল জানান, দীর্ঘদিনের কষ্টের অবসান হয়েছে। এখন আর বিশুদ্ধ পানির জন্য অন্যের বাড়ি বা দূরে যেতে হবে না। তিনি এই মানবিক সহায়তার জন্য দাতা শামসুজ্জামানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাজ সেবক শামসুজ্জামান জানান,আমি হাড়িয়াদহ গ্রামের মানুষ। জন্মেছি এই মাটিতে। এ গ্রামের সুনীল হালদারের পরিবার বিশুদ্ধ পানির অভাবে নান্দায় রাখা পানি পান করে এমন বিষয়টি আমি শুনতে পায়। এবং তারা যেনাে বিশুদ্ধ পানি পান করার সুযােগ পায়,সে জন্য পরিবারটিকে ১টি টিউবওয়েল উপহার দেওয়া হয়েছে। আমি চাই যারা বিত্তবান মানুষ রয়েছেন। তারা যেনাে এ ধরণের অসহায় পরিবারের পাশে দাঁড়ায়।
এলাকাবাসীরা বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত। তারা সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।