মেহেরপুর নিউজ:
মেহেরপুরের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আসিফ রেজার বদলি এবং কোর্ট ইন্সপেক্টর মোঃ বজলুর রহমানের চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
মেহেরপুর জেলায় মাঠপর্যায়ে সফলভাবে ছয় মাসের শিক্ষানবিশকাল সম্পন্ন করার পর শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আসিফ রেজাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এ বদলি করা হয়েছে। অন্যদিকে, দীর্ঘ কর্মজীবন শেষে কোর্ট ইন্সপেক্টর মোঃ বজলুর রহমান চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জেলা পুলিশের পক্ষ থেকে দুই কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁদের কর্মজীবনের অবদানের প্রশংসা করেন। এ সময় তাঁদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, গাংনী র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুদীপ্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসানসহ মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।