মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য এবং পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ না থাকা এবং বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে এ জরিমানা করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মামুনুল হাসানের নেতৃত্বে বামন্দী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বীজ, কসমেটিকস, মুদি দোকান ও হোটেল তদারকি করা হয়।
অভিযান চলাকালে বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য এবং পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় মেসার্স মনিরুল ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বিক্রির উদ্দেশ্যে বাসি গ্রিল সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে হানিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে হানিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন বীজ প্রত্যয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন এবং গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মসিউর রহমান।