মেহেরপুর নিউজ:
মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলমকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত ইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসি বলেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কর্মকর্তাদের প্রত্যাহার ও বদলির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, মেহেরপুরের পুলিশ সুপারকে তাঁর নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে তাঁর স্থানে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাকে পদায়নের প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবদের চিঠি দিয়েছে ইসি। মেহেরপুর পুলিশ সুপার ছাড়াও দুই মেট্রোপলিটন পুলিশ কমিশনার, একজন জেলা প্রশাসক, আরো চারজন পুলিশ সুপার এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে।