মেহেরপুর নিউজ:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সীমান্তবর্তী জেলাগুলোতে মাদকের সমস্যা রয়েছে। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান রোধে সরকারের বিদ্যমান সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, চাকরিতে যোগদানের সময় মানুষের সেবা করার যে মানসিকতা থাকে, তা ধরে রাখতে হবে। একটি জেলায় তিন বছর দায়িত্ব পালন করে মানুষের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সরকারি সেবার মান যাতে মানুষ প্রকৃতভাবে পায়, সেদিকে কর্মকর্তাদের বিশেষভাবে নজর দিতে হবে।
সভায় বক্তব্য দেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, বিজিবির এডি রাজ, লে. কর্নেল নাজমুল হাসান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আরিফুদ্দৌলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ, পল্লী বিদ্যুতের জিএম স্বদেশ কুমার ঘোষ, ওজোপাডিকোর প্রকৌশলী আব্দুর রহিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. সাজ্জাদ হোসেন ও জয়দেব কুমার।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পৌঁছালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।