মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর মিরপাড়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে একটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা আব্দুল জলিল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহকর্তা আব্দুল জলিল তার গরু-ছাগলকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে গোয়ালঘরে একটি মশার কয়েল জ্বালিয়ে রাখেন। ধারণা করা হচ্ছে, ওই কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই একটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়। এছাড়া আরও তিনটি ছাগল অগ্নিদগ্ধ হয়। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে আব্দুল জলিল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।