মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দলীয়করণ, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান ভিত্তি কৃষি। আর কৃষিকাজের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ সার। সম্প্রতি জেলায় ২২ জন সার ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ নিয়োগে বিএনপি নেতাদের আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতা ও তাঁদের স্বজনদের ডিলার হিসেবে অন্তর্ভুক্ত করার অভিযোগও তোলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও স্বজনপ্রীতি করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালে সিন্ডিকেটের মাধ্যমে রোগী হয়রানি অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি, মাদক ও অবৈধ জুয়ার বিস্তার, দলীয় পরিচয়ে চাঁদা দাবি এবং ব্যবসায়ীদের নির্যাতনের ঘটনা ঘটছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, পৌর আমির সোহেল রানা ডলার, সদর উপজেলা আমির সোহেল রানা, গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম, মুজিবনগর উপজেলা আমির খানজাহান আলী, সেক্রেটারি আবুল বাশার, জারজিস হুসাইন ও রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।