মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ মনোযোগ সহকারে শোনেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এ সময় অভিযোগগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
ভূমি সেবা যেন হয়রানিমুক্ত, সহজ ও জনবান্ধব হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। পাশাপাশি সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়েজুর রহমান ফয়েজ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নৌরীন ইসলামসহ উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।