মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জুয়েল হেল্প ফাউন্ডেশন।
সোমবার বিকেলে বুড়িপোতা গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ৩০ জন হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জুয়েল হেল্প ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা গ্রামের সমাজসেবক মহিউদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহসভাপতি নাহিদ হোসেন এবং সদস্য কামাল উদ্দিন, ওবায়দুল্লাহ ও মজিদুল ইসলাম।
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জোরদার করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।