মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩টি গাঁজার গাছসহ আব্দুল আলিম (গাঁজা চাষের অভিযোগে) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালিগাংনী ভিটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আব্দুল আলিম কালিগাংনী ভিটাপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ প্রদীপ কুমার সানার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল আলিমের বাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা ৩টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।