মেহেরপুর নিউজ:
দরিদ্র নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মেহেরপুরে বিনামূল্যে গাভী বিতরণ ও গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর সহযোগিতায় এবং সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে সংস্থার প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত।
অনুষ্ঠানের শুরুতে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং উপকারভোগীদের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এ প্রকল্পের মূল লক্ষ্য দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানো।
এ সময় বক্তব্য রাখেন প্রজন্ম সংগঠনের পরিচালক জহুরুল ইসলাম। তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন এবং প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গবাদিপশু পালনকে লাভজনক উদ্যোগে পরিণত করার আহ্বান জানান।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তোফাজ্জল হোসেন। তিনি উপকারভোগীদের গাভী পালন, পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা, বিভিন্ন রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান এবং আধুনিক গবাদিপশু ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ জন দরিদ্র নারী উপকারভোগীর মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।