মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে পুকুরের মাছ ও হাঁস রক্ষায় পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে মোসলেম আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে শোলমারী গ্রামের পিয়ারপুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মোসলেম আলী শোলমারী নতুনপাড়া গ্রামের খেদু মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিজের জমিতে ঘাস কাটার পর বাড়ি ফেরার পথে এলাকার রিপন বিশ্বাসের পুকুরের চারপাশে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের সংস্পর্শে আসেন মোসলেম আলী। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, রিপন বিশ্বাস ওই মাঠে পুকুরে মাছ চাষের পাশাপাশি হাঁসের খামার পরিচালনা করেন। মাছ ও হাঁস রক্ষার জন্য তিনি পুকুরের চারপাশে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে রাখতেন। প্রতিদিন ভোরের দিকে ফাঁদটি খুলে দেওয়া হলেও সোমবার সকাল পর্যন্ত তা খোলা হয়নি। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুকুরের মাছ ও হাঁস রক্ষায় এ ধরনের বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন স্থানীয়রা।