মেহেরপুর নিউজ:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর পৌর একাদশ ও রায়পুর জাগরণী ক্লাবের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হলে টাইব্রেকারে মেহেরপুর পৌর একাদশ ৫-৩ গোলে রায়পুর জাগরণী ক্লাবকে পরাজিত করে।
টাইব্রেকারে মেহেরপুর পৌর একাদশের পক্ষে সজীব, সেলিম, আকিব, শাহিন ও কানন একটি করে গোল করেন। অন্যদিকে রায়পুর জাগরণী ক্লাবের পক্ষে সাজু, সাদ্দাম ও মাহফুজ একটি করে গোল করেন।
খেলার নির্ধারিত সময়ে রায়পুর জাগরণী ক্লাব একটি পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হয়। ফলে শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচটি।
খেলায় বিজয়ী দলের সজীব ম্যান অব দ্য ম্যাচ এবং একই দলের গোলরক্ষক তানভীর সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক পার্থপ্রতিম শীল খেলার উদ্বোধন করেন এবং উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার, শাকির আহমেদ, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুস সালাম ও আইয়ুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।