মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় ৩৪টি স্টলে বনজ, ফলদ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সামাজিক বন বিভাগ, কুষ্টিয়ার বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল আলমের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক পার্থপ্রতিম শীল এবং অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন এবং মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থী সামিয়া খাতুনসহ অন্যান্যরা।