মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর গণতান্ত্রিক পরিবেশে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, মেহেরপুর একটি কৃষিনির্ভর জেলা। এখানে কোনো শিল্প-কারখানা গড়ে ওঠেনি। একটি জমিতে বছরে চারবার ফসল উৎপাদন হওয়ায় সারের চাহিদা বেড়েছে এবং সংকটও তীব্র হচ্ছে। এ সংকটের জন্য মুনাফালোভী অসাধু ব্যবসায়ীদের দায়ী করেন তিনি।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পর্যায়ের কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি (স্প্রে মেশিন) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান।
এসময় আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, সাহিদুল ইসলাম, কৃষক দবির উদ্দিন, আবুল কাশেম, আসলাম আলী ও মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠান শেষে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার ৮৮ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।