মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহরজুড়ে মশক নিধন অভিযান শুরু হয়েছে। বর্ষা মৌসুমে মশার উপদ্রব কমানো এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার দুটি ফগার (ফগিং) মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়। শহরের পন্ডের ঘাট এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়ে প্রধান সড়কের দুই পাশসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।
পৌরসভার দুইজন কর্মী ফগার মেশিন ব্যবহার করে মশক নিধনের ওষুধ স্প্রে করেন। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে শহরের সব ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হবে, যাতে নাগরিকরা মশার উপদ্রব থেকে স্বস্তি পান।
পৌরসভা আরও জানায়, বর্ষা মৌসুমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এ কর্মসূচি সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সর্বস্তরের জনগণকে সচেতন থাকার পাশাপাশি সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।