মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর পৌর একাদশ ফাইনালে উঠেছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে মেহেরপুর পৌর একাদশ ২-০ গোলে গাংনী উপজেলা একাদশকে পরাজিত করে। আগামীকাল শনিবার ফাইনালে মেহেরপুর পৌর একাদশের প্রতিপক্ষ মেহেরপুর সদর উপজেলা একাদশ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে উভয় দলই একাধিক গোলের সুযোগ সৃষ্টি করলেও কোনো দলই জালের দেখা পায়নি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক থেকে সাব্বিরের বাড়ানো বলে রোকন হেড করে গোল করে পৌর একাদশকে এগিয়ে দেন। এর পাঁচ মিনিট পর আকাশ গোল করে ব্যবধান ২-০ করেন।
ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে মেহেরপুর পৌর একাদশের ঋত্বিক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম তার হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।
খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সদস্য আব্দুস সালাম, প্রাক্তন ফুটবলার মাসুদ করিম ধলস, আবু ইউসুফ মিরনসহ বিপুলসংখ্যক দর্শক।