মেহেরপুর নিউজ:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মেহেরপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন।
শুক্রবার দুপুরে ইউজিসির অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি মেহেরপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ও অবকাঠামো ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. জাকির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. কামরুল ইসলাম, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল্লাহ আহসান এবং সিনিয়র সহকারী পরিচালক মো. নুর ইসলাম চৌধুরী।
এর আগে প্রতিনিধি দলের সদস্যরা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন তাঁদের স্বাগত জানান।