মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেছেন, একটি জাতির অন্যতম চাবিকাঠি হচ্ছে শিক্ষা। আর শিক্ষার প্রথম ধাপ হচ্ছে সাক্ষরতা।
মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “আমরা সাধারণত জানি, সাক্ষরতা মানে বর্ণ চেনা বা নিজের নাম স্বাক্ষর করতে পারা। কিন্তু আসলে সাক্ষরতার অর্থ ও কার্যকারিতা অনেক বিস্তৃত। সাক্ষরতাকে আমরা কয়েকটি ধাপে নিতে পারি, যেমন প্রাথমিক বা মৌলিক সাক্ষরতা।”
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থপ্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মঈনুল হোসেন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়া, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুব-উল আলম, ইতি খাতুন ও সাকিবুল ইসলাম।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মনির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সদর উপজেলা ভিডিপি কর্মকর্তা মিরাজুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।