মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে আয়োজিত শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে হরিরামপুর সীমান্ত ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার বিকেলে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব ৪-০ গোলে বল্লভপুর হাসপাতাল একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
খেলার প্রথমার্ধের ৩ মিনিটে কিরোন গোল করে হরিরামপুরকে এগিয়ে দেন। এরপর ৭ মিনিটে কানন গোল করে ব্যবধান ২-০ করেন। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে কানন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। ম্যাচের ২৮ মিনিটে শামীম চতুর্থ গোল করে ৪-০ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন।
খেলা শেষে বিজয়ী দলের কানন ম্যান অব দ্য ম্যাচ, আজিজুল ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং শামীম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন।
এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান।
চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক এহান উদ্দীন মনা এবং জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। পরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে ট্রফি ও বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার বিতরণ করা হয়।