গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন জখম হয়েছেন। শনিবার বিকালে উপজেলার করমদি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
আহতরা হলো: মজিবর রহমান (৫০), সাহাজুল ইসলাম (৫৭) শিরিনা খাতুন (৩৫),পারভীনা খাতুন (৩০) জুবায়ের হোসেন (২৬) ও হালিমন বেগম (৭০)। এদের মধ্যে শাহাজুল ও শিরিনা খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত সাহাজুল জানায়, ৫৯ শতক বাড়ীর জমির উপর প্রাচীর নির্মাণ করাকে কেন্দ্র করে স্থানীয় নাসিরুদ্দীনের ছেলে এডভোকেট মিজানুর রহমান মজিবর রহমান ও তার লোকজনকে বাড়িতে ডেকে নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিজানুর রহমানের নেতৃত্বে তার ভাই ডাবলু,আসমতসহ বেশ কয়েকজন হাতুড়ি ও ধারালো হাসুয়া দিয়ে সাহাজুল ইসলামের লোকজনের ওপর অতর্কিত হামলা করে। হামলায় মহিলাসহ অন্তত ৬ জন আহত হয়।
আহতরা জানায়, তাদেরকে হাতুড়ি ও ধারালো হাসুয়া দিয়ে পরিকল্পিত ভাবে এলোপাতাড়ীভাবে কোপানো হয়েছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, মারামারির ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।