তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের মেহেরপুরের গাংনীতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার সকালে এ দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ দিবসটি পালনের আয়োজন করে। দিবসটি পালন উপলক্ষে বেসরকারী সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, বিকশিত নারী নেটওয়ার্ক ও কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম নিজ নিজ ব্যানারে অংশগ্রহণ করে।
“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নূরজাহান বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু।
সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাসারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন এনজিও’র কর্মকর্তা ও কর্মচারীগন, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।