তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া ডিসি ইকোপার্কের ভুমি অফিসের সামনে প্রাচীর নির্মাণ স্থগিতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বৃহষ্পতিবার দুপুরে ভাটপাড়া ডিসি ইকোপার্ক সংলগ্ন রাস্তায় শতশত মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করে। এলাকাবাসীর মানববন্ধন ও অভিযোগের প্রেক্ষিতে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি এলাকাটি ঘুরে দেখেন এবং এলাকার জনগণের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে প্রাচীর নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিতের পরামর্শ দেন।
এ সময় উত্তেজিত জনগনকে শান্ত করতে সমস্যার স্থায়ী সমাধনের আশ্বাস দেন তিনি। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান,সহকারি শিক্ষক আব্দুর রহিম, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, নওপাড়া বাজার কমিটির সভাপতি ও ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আবুল বাসারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মানববন্ধন শেষে বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এলাকাবাসীর দাবী নিয়ে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক ও উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এঁর সাথে দেখা করেন এলাকাবাসী। ভুমি অফিসের প্রাচীর নির্মাণ কাজ প্রধান সড়ক থেকে ২০ ফিট দূরে করার দাবী তুলে ধরে বক্তব্য রাখেন এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে জনগনের স্বার্থে জনগনের দাবীর সাথে একত্মতা ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ বলেন, আমি বিষয়টি ছোট-খাটো বা ব্যক্তি স্বার্থ বলে মনে করেছিলাম। কিন্ত এখন বিষয়টি জনস্বার্থে এলকাবাসীর প্রাণের দাবীতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন চলমান প্রাচীরের নির্মাণ কাজ সাময়িক ভাবে স্থগিত থকবে এবং বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিরসন করা হবে বলে আশ্বাস দেন।