মেহেরপুর নিউজ:
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ড, মোহাম্মদ মুনসুর আলম খান এর মেহেরপুর নিউজের সাথে বিশেষ সাক্ষাৎকারে জেলা বাসীর প্রতি আহব্বান। প্রিয় মেহেরপুরবাসী, আমার সালাম ও শুভেচ্ছা নিবেন।
আপনারা নিশ্চয় অবগত আছেন যে, আমি গত ০৭.০৭.২০২০ তারিখে মেহেরপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি। মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার মুজিবনগরখ্যাত মেহেরপুর জেলার জেলা প্রশাসক নিযুক্ত হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
স্বাধীনতার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মেহেরপুর জেলার চলমান উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ এবং এ জেলার জনগণের সেবা করার সুযোগ প্রদানের জন্য আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (এমপি) এঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বর্তমান সরকারের অঙ্গিকার “আমার গ্রাম আমার শহর” মূলমন্ত্রকে ধারণ করে মেহেরপুর জেলায় চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রেখে এ জেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে জেলা প্রশাসক হিসেবে আমি দৃঢ় প্রতিজ্ঞ।
প্রজাতন্ত্রের একজন সেবক হিসেবে এ জেলার জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার যথাসাধ্য চেষ্টা করব।আমি বিশ্বাস করি যে, কোন কাজ সফলভাবে সম্পন্ন করার ভিত্তি হচ্ছে পারস্পরিক সহযোগিতা। মেহেরপুর জেলায় কর্মকালীন আপনার সার্বিক সহযোগিতা, সমর্থন ও আন্তরিকতা একান্ত কাম্য।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রয়াসে নিয়োজিত বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড মেহেরপুর জেলায় বাস্তবায়নের লক্ষ্যে আপনার সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করছি।