তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে জমি ভাগাভাগি নিয়ে বিরোধের যেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইসহ দুই ভাতিজা মারাত্মক জখম হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের জাহাবকসের ছেলে ইমদাদুল হক (৫০), ইমদাদুলের বড় ছেলে মিলন হোসেন (৩০) ছোট ছেলে নিলচাদ (২৫)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আহতদের পরিবার সুত্রে জানা গেছে, নওদা পাড়া গ্রামের জাহা বকসের দুই ছেলে ইমদাদুল ও ইয়াদুলের সাথে ১০ কাঠা বাড়ির জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত জমি জাহাবকসের ছোট ছেলে ইয়াদুল জোর করে ভোগ দখল করে। উক্ত জমি সমান অংশে ভাগাভাগির জন্য ইমদাদুল প্রস্তাব দিলে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই ইয়াদুল ও তার ছেলে হিমেল ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারানো অস্ত্র দিয়ে ইমদাদুল, মিলন ও নিলচাদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ ব্যপারে হামলাকারি ইয়াদুল ও হিমেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে পালাতক থাকায় তা সম্ভব হয়নি। গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, এ বিষয়ে সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।