মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইসলামনগর সড়কে ছিনতাইকারীদের হামলায় আবুল কালাম নামের এক ব্যক্তি আহত হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে ঘটনার সময় সদর উপজেলার ইসলামপুর গ্রামের রহমান ও আসাদুল নামের দুই যুবক রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ইসলামনগর আমঝুপি সড়কের মাঝামাঝি স্থানে একদল মুখোশ পরিহিত ছিনতাইকারীরা রাস্তার উপরে কলা গাছ ফেলে রেখে মোটরসাইকেলের গতিরোধ করে।
এসময় ছিনতাইকারীরা আসাদুল ও রহমান কে মাঠের মধ্যে বেঁধে রাখে, পরবর্তীতে আবুল কালাম নামের এক রংমিস্ত্রি নসিমন যোগে ওই সড়কে যাবার পথে তাকেও গতিরোধ করে থামানো হয়। এসময় সে চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা কালামকে মারধর করলে সে আহত হয়।
এ ঘটনার পরপরই আরো একজন মোটরসাইকেল চালক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে গ্রামবাসীদের খবর দেয়। খবর পেয়ে গ্রামবাসী এবং মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মুখোশ পরিহিত ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে আবুল কালাম, রহমান ও আসাদুল কে উদ্ধার করে। মেহেরপুর সদর থানার এসআই ইমরুল জানান ছিনতাইকারীদের হামলায় কালাম আহত হয়, তবে তাদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নিতে পারেনি।