এসআই বাবু, বারাদীঃ
মেহেরপুর সদরের বারাদি বাজার থেকে একটি চোরাই ট্রাক উদ্ধার হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে বারাদী বাজার থেকে পড়ে থাকা অবস্থায় ট্রাক টি উদ্ধার করে স্থানীয়রা। যাহার রেজিস্ট্রেশন নম্বর খুলনা মেট্রো ট – ১১-০৪৯২।
জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন ভোগাইল বগাদী গ্রামের শামসুল আলমের ছেলে সুমন মিয়ার ট্রাকটি গত ২৬ তারিখ রাত্রে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন আঙ্গুর মিয়ার পাম্পে রাখা হয়। পরদিন ( রবিবার) সকালবেলা গাড়ির চালক সেখানে গিয়ে আর গাড়ি খুঁজে না পেয়ে শুরু হয় চারিদিকে খোঁজাখুঁজি। এব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়রীও করেন সুমন মিয়া।
এদিকে বারাদী বাজারে ওটিক টেকনো লিমিটেড অফিসের সামনে দুপুর থেকেই গাড়িটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। দিন গড়িয়ে রাত হলেও গাড়ির কোন লোকজন দেখতে না পাওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে খবর দেয়া হয় বারাদী পুলিশ ক্যাম্পে। বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আব্বাস আলী ও স্থানীয়দের সহযোগিতায় খবর পায় গাড়ির মালিক সুমন মিয়া। পরবর্তীতে স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সুমন মিয়ার জিম্মায় ট্রাক টি হস্তাক্ষর করা হয়।