গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা গ্রামে নারীর দা’র কােপে আলী হােসেন (৪২) নামের এক ভ্যান চালক রক্তাক্ত জখম হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত আলী হােসেন ধানখােলা গ্রামের বাগানপাড়ার রিয়াছ উদ্দীনের ছেলে।
শুক্রবার সকাল ৯টার দিকে ধানখােলা গ্রামের ফকিরপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ধানখােলা গ্রামের ফকিরপাড়ার আবু তাহের ও তার মেয়ে পূর্ণিমা খাতুন পারিবারিক কলহের জের ধরে ঝগড়া করছিলেন। ঝগড়ার এক পর্যায়ে পূর্ণিমা তার বাবাকে হামলার উদ্দেশ্য দা (দেশীয় অস্ত্র) হাতে নিয়ে তাড়া করছিলেন। ভ্যান চালক আলী হােসেন হামলা ঠেকাতে পূর্ণিমাকে বাঁধা প্রদানের চেষ্টা করছিলেন। এসময় পূর্ণিমা ক্ষিপ্ত হয়ে দা দিয়ে আলী হােসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
স্থানীয় লােকজন আলী হােসেনকে রক্তাক্ত অবস্থায় প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সেখান থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পৌঁছে খােঁজখবর নেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে । গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,অভিযােগ পেলে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।