মেহেরপুর নিউজঃ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মেহেরপুরের ১০ গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. তোজাম্মেল হোসেন।
সংবর্ধিত শিক্ষকদের মধ্যে কলেজ পর্যায়ে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির; মাধ্যমিক পর্যায়ে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) রোকসানা পারভীন; ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসার ইবতেদায়ি প্রধান সানোয়ার হোসেন; দাখিল মাদ্রাসা পর্যায়ে গোভীপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শুকুর আলী এবং ফাজিল মাদ্রাসা পর্যায়ে মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার প্রভাষক (আরবি) মাহফুজুর রহমান রয়েছেন।
এ ছাড়া কারিগরি (মাধ্যমিক) পর্যায়ে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর (ফার্ম মেশিনারি) প্রকৌশলী মো. শফিউদ্দীন এবং কারিগরি (কলেজ) পর্যায়ে মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক এস এম রফিকুল আলমকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রাথমিক পর্যায়ে সম্মাননা পেয়েছেন কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান, কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনারুল ইসলাম এবং এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।