মেহেরপুর নিউজ:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮ টায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন।এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, গার্ল গাইডস, গার্ল ইন স্কাউট সহ মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক জেলা বাসীর উদ্দেশ্যে ভাষণ দেন এবং শান্তির প্রতিক কবুতর এবং বেলুন উড়ান। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন। পরে কুচকাওয়াজ ও শরীরচর্চা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কুচকাওয়াজে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রথম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস দল দ্বিতীয় এবং সম্মিলিত বিএনসিসি তৃতীয় পুরস্কার লাভ করে। শরীরচর্চায় মেহেরপুর সরকারি শিশু পরিবার প্রথম, বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় ২য় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কালেক্টরেট স্কুল যৌথভাবে তৃতীয় পুরস্কার লাভ করে। পুরস্কার বিতরণী অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,লিউজা-উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, আজমুল হোসেন, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি সাহাদাত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, পি পি পল্লব ভট্টাচার্য প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশু পরিবার, হাসপাতাল এবং জেলখানা উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুর শহরের প্রধান সড়কের দুপার্শে জাতীয় পতাকা সহ বর্নিল পতাকা দিয়ে সাজানো হয়।