মেহেরপুর নিউজ :
মেহেরপুর শহরে অভিযান চালিয়ে ভারত থেকে সরকার নির্ধারিত শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা বিপুল পরিমাণ ওষধসহ দুই চোরাকারবারীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। এ সময় তাদের কাছ থেকে চোরাচালান কাজে ব্যবহৃত ১টি ইজিবাইক ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার বিকেল ৩টার দিকে মেহেরপুরকোর্টপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের গোরস্থানপাড়ার মন্টু ইসলামের ছেলে কাবিদুল ওরফে আকাশ (২৪) ও আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের শেখপাড়ার মৃত সরমান আলীর ছেলে ফুলসুরাত ওরফে সুরাত (৪৮)।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-৩, মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি দল মেহেরপুর কোর্টপাড়া এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত পার করে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষধসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছে থেকে উদ্ধারকৃত ওষধের মধ্যে রয়েছে ৩৮০টি লুলিটেক ক্রীম, ৬৫ পাতা পাইজিনা ট্যাবলেট, ৮টি পলিমিক্সিন বি ইনজেকশন, ১১টি স্টেরাইল ওয়াটার টিউব, ১৫টি পেডিক্লরিল ওরাল সলিউশন এবং ৪০টি জোস্টাম ২ গ্রাম ইনজেকশন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ভারতীয় শুল্ক ফাঁকি দেওয়া ওষধ সংগ্রহ করে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে বেচাকেনা করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চোরাচালান ও অপরাধমুক্ত সমাজ গঠনে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।