মেহেরপুর নিউজ:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ এর মেহেরপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মিনারুল ইসলাম। তিনি মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এর আগে তিনি ১৯৯৯ সালের ১১মে সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে মেহেরপুর সদর উপজেলা শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি জীবন শুরু করেন। পর্যায়ক্রমে তিনি তেরোঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পর কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কর্মরত রয়েছেন।
মিনারুল ইসলাম ১৯৯১ সালে এসএসসি, ১০৯৩ সালে এইচএসসি, ১৯৯৫ সালে বিএ এবং ২০০৯ সালে কুষ্টিয়া কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মিনারুল ইসলাম চাকরি জীবন শুরু করার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন। কাব স্কাউট এর প্রতি গুরুত্ব দেওয়া সহ বিদ্যালয়ে ঝরে পড়ার হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শিক্ষকতার পাশাপাশি মিনারুল ইসলাম মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য, মেহেরপুর থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় সাহিত্য পরিষদের নাট্য সম্পাদক এবং কাব লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২ কন্যা সন্তানের জনক মিনারুল ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।