মেহেরপুর নিউজ:
নজরুল শিক্ষাবর্ষ উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় নজরুল শিক্ষাবর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্যা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের প্রভাষক ফররুক আহমেদ, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদ, জেলা জাসাসের আহ্বায়ক বাকা বিল্লাহ, জাব্বারুল ইসলাম, অশেষসহ সংশ্লিষ্টরা।
সভায় নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়ার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।