মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস ও আমদানিকারকের স্টিকার বিহীন অবৈধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে ২ প্রতিষ্ঠানের মালিকের ২২ হাজার টাকা জরিমানা ।
বুধবার দুপুরের দিকে সদর উপজেলার আমঝুপি ও চাঁদবিল এলাকায় অভিযান চালানো হয়।মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে আমঝুপি বাজারে মেসার্স হালিমা স্টোর নামক কসমেটিকস প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস ও আমদানিকারকের স্টিকার বিহীন প্রচুর অবৈধ কসমেটিকস পাওয়া যায়। পুর্বে সতর্ক করা সত্ত্বেও এসমস্ত মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: শিহাব উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মেসার্স ভাই ভাই কসমেটিকসকে বেবিদের নকল ভেজাল জনসন তেল বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে মালিক মো: আহসান হাবিবকে ৪১ ও ৫১ ধারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্যদের মধ্যে জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ মেহেরপুর পুলিশ বাহিনী সদস্যরা সহযোগিতা করেন।