মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে লাইসেন্স বহির্ভূতভাবে অস্বাস্থ্যকর প্রক্রিয়ার তেল উৎপাদন, বোতলজাত তেলে মেয়াদ, মুল্য ওজন, মোড়কীকরণ বিধি অমান্য করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ২ প্রতিষ্ঠান মালিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মুখার্জি পাড়া ও থানা সড়কে এ অভিযান চালানো হয়।মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মুখার্জি পাড়া মেসার্স শফি ওয়েল মিল নামক প্রতিষ্ঠানে তদারকিতে লাইসেন্স বহির্ভূতভাবে অস্বাস্থ্যকর প্রক্রিয়ার তেল উৎপাদন, বোতলজাত তেলে মেয়াদ, মুল্য ওজন, ইত্যাদি মোড়কীকরণ বিধি অমান্য করায় প্রতিষ্ঠানটির মালিক মো: ওমর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া থানা সড়কে মেসার্স মেডিসিন পয়েন্ট নামক ফার্মেসীতে অভিযানে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: হাফিজুর রহমানকে ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।। অভিযানে অন্যদের মধ্যে স্যানিটারি ইন্সপেক্টর মো: তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।