গাংনী প্রতিনিধি :
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি নিরীহ মানুষের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে জেলার গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলার সর্বস্তরের মানুষ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকসহ সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,ফিলিস্তিনি নিরীহ মানুষের উপর হামলা বন্ধ না হলে,ইজরাইলের সকল পণ্য ক্রয় করা থেকে বিরত থাকবাে।